নয় গোলের উত্সব সিটির

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২৩:১১

ম্যানচেস্টার সিটি আগের ম্যাচেই এফএ কাপে রডারহ্যামকে হারিয়েছিলো সাত গোলের বিশাল ব্যবধানে। প্রতিযোগিতা বদলালো, কিন্তু গোলের নেশা একটুও কমলো না গার্দিওলার দলের। এবার ইএফএল কাপের সেমিফাইনালে বার্টন অ্যালবিয়নকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারালো শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।

প্রতিযোগিতাটিতে প্রথম বারের মত সেমিফাইনালের মঞ্চে পৌঁছা বার্টনকে ম্যাচের শুরু থেকেই চেপে ধরে পুরোশক্তির সিটি। পঞ্চম মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলের পর ব্রাজিলীয় ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাসের জোড়া গোল এবং তরুণ আলেক্সান্দার জিঞ্চেঙ্কোর লক্ষ্যভেদে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ফিল ফোডেন, কাইল ওয়াকার, রিয়াদ মাহরেজের গোলের পাশাপাশি প্রথমার্ধে জোড়াগোল পাওয়া জেসাস ব্যক্তিগত তৃতীয় এবং চতুর্থ গোলের দেখা পান। বড় জয় নিয়ে সেমিফাইনালের প্রথম লেগেই ফাইনাল অনেকটা নিশ্চিত করে ফেলে গার্দিওলার দল। সিটির এমন গোলোত্সবের পর ইংরেজ সংবাদ মাধ্যম এটিকে আখ্যা দিয়েছে ইংল্যান্ডে কাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে একপেশে সেমিফাইনাল হিসেবে। ১৯৮৭ সালের পর এই প্রথম কোনো ম্যাচে আটবারের বেশি লক্ষ্যভেদ করলো সিটি।

বার্টনের বিপক্ষে এই জয়টি গার্দিওলার কোচিং ক্যারিয়ারের যুগ্মভাবে সর্বোচ্চ ব্যবধানের জয়। ২০১১-১২ মৌসুমে কোপা দেল রে-তে হসপিতালেতের জালেও সমান সংখ্যক বার বল জড়িয়েছিলো স্প্যানিশ কোচটির অধীনে থাকা বার্সেলোনা।

এই জয়ের পর সংবাদ সম্মেলনে উচ্ছ্বাস প্রকাশ করলেও গার্দিওলা জানান পরের লেগটিও গুরুত্ব দিয়েই খেলবে তার দল। তিনি বলেন, ‘আমরা ফাইনালে উঠে গেছি। তবে দ্বিতীয় ম্যাচটিও খেলতে হবে আমাদের এবং সেটিকে অবশ্যই গুরুত্ব দিয়েই খেলবো আমরা।’

ক্লাব ইতিহাসে প্রথম বারের মত ইএফএল কাপের সেমিফাইনাল খেলায় বার্টনকেও অভিনন্দন জানাতে ভুললেন না গার্দিওলা। তিনি বলেন, ‘পুরো প্রতিযোগিতায় যেভাবে খেলেছে বার্টন তাতে বড় অভিনন্দন প্রাপ্য হয়ে গেছে তারা। তারা প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নশিপে খেলা দলকে হারিয়েছে, যোগ্য দল হিসেবেই এখানে এসেছে তারা।’