সৌদি আরবও ইসরাইলকে স্বীকৃতি দেবে : ট্রাম্পের দাবি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:০৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সৌদি আরবও ইসরাইলকে স্বীকৃতি দেবে। গত মঙ্গলবার হোয়াইট হাউজে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের শান্তি চুক্তির পর বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এই দাবি করেন। খবর ডেইলি মেইলের

প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘অন্তত পাঁচটি আরব রাষ্ট্র ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি করার চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে দুটি প্রায় প্রস্তুতি নিয়ে রেখেছে। গতকাল (মঙ্গলবার) রাষ্ট্র দুটির সঙ্গে আমার কথাও হয়েছে’। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘বালুতে কোনো রক্তপাত ছাড়াই শান্তি প্রতিষ্ঠা হবে। যুক্তরাষ্ট্র সেই চেষ্টা করে যাচ্ছে’। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, সৌদি আরবও বাস্তবে ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে। এটা আমার অনুভূতি। আমি বাদশাহের সঙ্গে কথা বলেছি। তাতেই আমার এই ধারণা হয়েছে’। ইসরাইল ন্যাশনাল নিউজ এসব তথ্য জানিয়েছে। ইসরাইলের সঙ্গে কূটনৈতিকসহ স্বাভাবিক সম্পর্ক তৈরিতে ওমান, সুদান ও মরক্কো প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আর মিশর ও জর্ডান তো আগে থেকেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর একের পর এক সম্পর্ক তৈরিতে ক্ষুব্ধ ফিলিস্তিন। তারা আরব লীগ থেকে সরে যাওয়ারও চিন্তা করছে।