এক ঘণ্টা পেছাল ম্যাচ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২৩:১১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের শুরু থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা। দর্শক খরায় ভুগছে বিপিএল। দর্শকদের সুবিধার কথা চিন্তা করে ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দিয়েছে বিসিবি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ১২ জানুয়ারি থেকে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে সাড়ে ৬টায়।

তবে শুধু শুক্রবার ম্যাচ শুরুর সময়টা ভিন্ন থাকছে। শুক্রবার ছুটির দিনে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

যদিও বিপিএলের শুরু থেকে এবার প্রথম ম্যাচটি বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হতো। দ্বিতীয় ম্যাচ শুরু হতো বিকাল ৫টা ২০ মিনিটে।

ঢাকায় প্রথম পর্বের শেষ দুদিনের ম্যাচগুলো নতুন সময়সূচিতে অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি শেষ হবে প্রথম পর্ব। এরপর ১৫ জানুয়ারি থেকে সিলেটে অনুষ্ঠিত বিপিএলের ষষ্ঠ আসর। আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। বিপিএলের টেকনিক্যাল কমিটি ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল বলেছেন, দর্শকদের কথা ভেবেই ম্যাচ শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। তিনি বলেছেন, ‘অনেকে প্রথম ম্যাচের শেষভাগটা ধরতে পারবে চেষ্টা করলে। আর অফিস শেষ করেই অনেকে দ্বিতীয় ম্যাচটা উপভোগ করতে পারবেন। তাই সময়টা পরিবর্তন করা হয়েছে।’