আজ থেকেই যুক্ত হচ্ছে আল্ট্রাএজ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২৩:১২

স্পাইডার ক্যামেরা, ড্রোন ক্যামেরার ব্যবহারের অতীতের তুলনায় নতুনত্ব পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের টিভি সম্প্রচার কার্যক্রম। আর্কষণ বাড়াতে বিসিবি এবারই প্রথমবার বিপিএলে যোগ করেছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। তবে অসম্পূর্ণ ডিআরএসের কারণে উল্টো সমালোচনার মুখে পড়েছে বিসিবি। কারণ ব্যবহূত ডিআরএসে ছিল না স্নিকোমিটার ও আল্ট্রাএজ প্রযুক্তি।

তীব্র সমালোচনার মুখে কয়েকদিন আগে বিসিবি জানিয়েছিল, খুব শিগগিরই আল্ট্রাএজ প্রযুক্তি আনা হবে। বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, আগামীকাল (শনিবার) থেকে আল্ট্রাএজ চালু হবে। যদিও গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল সাংবাদিকদের বলেছেন, আজ থেকেই ডিআরএসে যুক্ত হবে আল্ট্রাএজ প্রযুক্তি।

গতকাল শেখ সোহেল বলেছেন, ‘শুক্রবারের ম্যাচ থেকেই আপনারা আল্ট্রাএজ দেখতে পাবেন। আমরা আগেও বলেছিলাম যে দুই-তিন দিন সময় দিতে হবে। কারণ আমরা সবকিছুই পরিপূর্ণ করেছি। এটা পরিপূর্ণ হয়ে যাবে।’ বিসিবিসূত্রে জানা গেছে, আল্ট্রাএজ প্রযুক্তি চালানোর দায়িত্বে থাকা দুজন ক্রু ঢাকায় আসবেন আজ। ঢাকায় পৌঁছানোর পর তারা আজ থেকেই ম্যাচে আল্ট্রাএজ প্রযুক্তি পরিচালনা করবেন। বিপিএলের টিভি সম্প্রচার প্রোডাকশনের দায়িত্বে আছে রিয়েল ইমপ্যাক্ট। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গতকাল সন্ধ্যায় বলেছেন, আশা করি কাল (আজ) থেকে আল্ট্রাএজ চালু হবে।