বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের জব্দ করা ব্যাংক হিসাব খুলে দেওয়ার আবেদন তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্ট ইউনিটকে (বিএফআইইউ) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুলু দম্পত্তির বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এ প্রেক্ষাপটে দুদকের অনুরোধে গত পহেলা সেপ্টেম্বর দুলু ও তার স্ত্রীর ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকার ব্যাংক হিসাব জব্দ করে বিএফআইইউ। পরে অ্যাকাউন্ট খুলে দিতে বিএফআইইউতে আবেদন করেন বিএনপি নেতা।
কিন্তু আবেদন নিষ্পত্তি না করায় তারা হাইকোর্টে রিট করেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ইউসুফ আলী ও দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান শুনানি করেন।
