তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বলেছেন, শর্ত অনুকূল থাকলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনতে পারে আঙ্কারা। কিন্তু যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে বাধা দেয়, তাহলে ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি অসম্ভব। বৃহস্পতিবার তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া সাক্ষাত্কারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, রুশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যুক্তরাষ্ট্রের কোনও বাধা মানবে না তুরস্ক। যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনও শর্ত রাখলে ক্ষেপণাস্ত্র ক্রয় চুক্তি অসম্ভব হয়ে পড়বে।
রাশিয়ার কাছ থেকে আড়াইশো কোটি ডলার মূল্যের চুক্তির আওতায় তুরস্ককে অত্যাধুনিক প্রযুক্তির এবং দীর্ঘ পাল্লার চার ডিভিশন এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। চুক্তি অনুযায়ী ২০২০ সালের মধ্যে এগুলো তুরস্ককে হস্তান্তর করবে রাশিয়া।
