সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৬ বছরে পদার্পণ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০০:০০

গতকাল ১০৬ বছরে পদার্পণ করলো সাভারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। আজ থেকে ১০৫ বছর আগে ১৯১৩ সালের ১০ জানুয়ারি সাভারের জমিদার দানবীর স্বর্গীয় বাবু রাখাল চন্দ্র সাহা তার স্বর্গীয় পিতা অধর চন্দ্র সাহার নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণ করেন। ১০ একর জমির উপর স্থাপিত প্রাচীন এই বিদ্যাপীঠটি আজও সাভারে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। গত বছর বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়।

দৃষ্টিনন্দন বিশাল স্কুল ভবনটির পাশে জমিদার বাবু রাখাল চন্দ্র সাহা তার মার নামে স্বর্ণময়ী ছাত্রাবাস ও কাকার নামে মহেশ চন্দ্র দাতব্য চিকিত্সালয় স্থাপন করেন। বাবু রাখাল চন্দ্র সাহা তার জীবদ্দশায় বিদ্যালয়টির পূর্ণাঙ্গ রূপ দিতে না পারলেও তার সহধর্মিণী প্রিয়বালা সাহা তার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেন। বাবু রাখাল চন্দ্র সাহার মৃত্যুর পর তার স্মৃতি অম্লান করে রাখার জন্য ‘রাখাল চন্দ্র স্মৃতি ভবন’ নামে একটি পাঠাগার স্থাপিত হয়েছে বিদ্যালয়ের পাশে।

১৯১৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর প্রধান শিক্ষক ছিলেন স্বর্গীয় বাবু হরেন্দ্র নাথ ঘোষ। তিনি ১৯১৩ সাল থেকে ১৯২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পলন করেন মরহুম আব্দুস সাত্তার মিয়া, পরবর্তীতে জগদীশ চন্দ্র রায় (ভারপ্রাপ্ত), আবুল বাশার (ভারপ্রাপ্ত), মোঃ আব্দুস সামাদ, মোঃ হারুন অর রশীদ (ভারপ্রাপ্ত) এবং বর্তমানে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন রতন পিটার গোমেজ।

এছাড়াও যে সকল প্রয়াত শিক্ষক মন্ডলী শিক্ষার কারিগর হিসেবে এ বিদ্যালয়ে কাজ করেছেন তারা হচ্ছেন কৈলাস চন্দ্র রায়, পরিমল রায়, হেম চন্দ্র, রাধা বল্লভ সাহা, অমর চাদ সাহা, মাওলানা সামছুদ্দিন আহমেদ, মেঘনাথ সাহা, কানাই লাল সাহা, ষোড়শী মোহন রায়, শমসের আলী, কামাল উদ্দিন আহমেদ, সুনিল রঞ্জন সরকার, তোফায়েল হোসেন, রনদা প্রসাদ সাহা, আফাজ উদ্দিন, অবিনাশ চন্দ্র সরকার, কার্তিক চন্দ্র বিশ্বাস, মোজাম্মেল হক, একেএম শামসুল আলম, শক্তি প্রসাদ মিত্র মজুমদার, আঃ শুকুর আলী, এলিক ডি রোজারিও, খন্দকার মহতাব উদ্দিন, প্রনব কুমার সরকার প্রমুখ।

এ প্রতিষ্ঠানের অনেক ছাত্রই রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। বর্তমানে বিদ্যালয়টিতে দুই শিফটে পাঠদান হয়ে থাকে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই হাজার। বিদ্যালয়ের সামনে রয়েছে সুবিশাল খেলার মাঠ ও চমত্কার ফুলের বাগান। বিদ্যালয়ের মূল ভবনের সামনে সাভারের কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত। বিদ্যালয়টির নিরাপত্তা ব্যবস্থাও ভাল।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক রতন পিটার  গোমেজ বলেন, এখনও অত্র এলাকায় শিক্ষা ক্ষেত্রে এ প্রতিষ্ঠানটি অনন্য সাধারণ ভূমিকা পালন করে চলেছে।