মানিকগঞ্জে মাটিভর্তি ট্রাকের চাপায় এক চিকিত্সক মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মোঃ লুত্ফর রহমান জানান, নিহত চিকিত্সক মঞ্জুর আলম খান (৪২) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার নিলাম্বরপট্টি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলযোগে ওই চিকিত্সক আরিচা যাওয়ার পথে কালীগঙ্গা নদীতীর থেকে একটি মাটিভর্তি ট্রাক হঠাত্ মহাসড়কে উঠে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে তাকে সাভার এনাম মেডিকেল কলেজে নেয়া হলে সেখানকার চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মঞ্জুর আলম খান স্ত্রী, দুই শিশুপুত্র এবং এক শিশুকন্যা রেখে গেছেন। তিনি মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলজিইডি সংলগ্ন আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।
