না’গঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত করা হবে

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০০:০৪

ফুটপাত ফের হকারমুক্ত করে নগরবাসীর অবাধ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, বিপিএম, পিপিএম। গতকাল বৃহস্পতিবার চাষাঢ়া শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ জন্য এলাকার সংসদ সদস্য ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এসপি। তিনি বলেন, ‘সাধারণ মানুষের নাগরিক সুবিধার জন্য সকল কাজ আমরা করবো। এ কারণে আমরা আজকে শহরের বিভিন্ন এলাকা ঘুরেছি। নতুন বছরের জানুয়ারি মাসটি জুড়ে থাকবে যানজট, হকার, মাদকমুক্ত নারায়ণগঞ্জ করার অভিযান।’ এসপি হারুন অর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে চাষাঢ়ার আশপাশ যানজট মুক্ত করার জন্য কাজ করবো। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে পার্কিং করলে সাধারণ মানুষের নাগরিক সুবিধা ব্যাহত হয়। একটি রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য। কিন্তু সেই রাস্তায় হকার ও সিএনজি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা চলবে না। আমাদের দায়িত্ব রাস্তা হকার ও যানজট মুক্ত করা।’ তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে অনেকগুলো ভূমি দস্যুর নাম আমাদের কাছে এসেছে। এদের মধ্যে কিছু কাউন্সিলরেরও নাম এসেছে। এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। কোনো পুলিশ সদস্যও মাদকের সাথে জড়িত থাকলে সে আর এই নারায়ণগঞ্জে থাকতে পারবে না।’ প্রেস ব্রিফিংয়ের আগে পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে চাষাঢ়া শহীদ মিনার সংলগ্ন বেইলি টাওয়ারের সামনের সড়ক ও মহিলা কলেজের সামনের সড়ক থেকে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।