কারাগারে যুদ্ধাপরাধ মামলার ফাঁসির আসামির মৃত্যু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:২০

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ যুদ্ধাপরাধ মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম মোসলেম উদ্দিন প্রধান (৬৮)। তিনি কিশোরগঞ্জের নিকলী থানার কামারহাটি এলাকার লাবু শেখের ছেলে। শুক্রবার সকালে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জেলার মো. আবু সায়েম জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি মোসলেম উদ্দিন প্রধান সকালে কারাগারের ভেতর হঠাত্ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরে উন্নত চিকিত্সার জন্য তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিত্সক মো. রফিকুল ইসলাম জানান, সকালে আসামি মোসলেম উদ্দিন প্রধানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

জেলার আরো জানান, যুদ্ধাপরাধী মামলায় মোসলেম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। মোসলেম দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।