গোপালগঞ্জে মোটরসাইকেল ও নৈশ কোচের সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার চান্ডিবর্দি গ্রামের ইটালী প্রবাসী আনু সরদারের ছেলে ফয়সাল সরদার (২৭), সুন্দরদি গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে কলেজ ছাত্র আল আমিন ঠাকুর (২৫) ও লখাইড়চর গ্রামের শফি মিয়ার ছেলে ব্যবসায়ী লিয়াকত মিয়া (৩০)।
মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, একটি মোটরসাইকেলে করে ৩ যুবক মুকসুদপুর থেকে মুকসুদপুর ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। মুকসুদপুর কলেজ মোড়ে ঢাকাগামী গোল্ডেনলাইনের একটি নাইট কোচের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এতে মোটরসাইকেলসহ ৩ আরোহী বাসের সামনের অংশে আটকে যায়। হাফ কিলোমিটার দূরে গিয়ে আরোহীরা ছিটকে পড়েন। এদের মধ্যে আল আমিন ঠাকুর ঘটনাস্থলেই মারা যান। মুকসুদপুর হাসপাতালে মারা যান ফয়সাল। ফরিদপুর নেয়ার পথে মারা যান লিয়াকত। বাসটি ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার অতিক্রম পর মোটরসাইকেলে আগুন লেগে যায়। পরে সে আগুন বাসে ছড়িয়ে পড়ে। যাত্রীরা নিরাপদে নেমে যান। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের ভেতরে অংশ পুড়ে গেছে। এ ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হয়নি।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ইত্তেফাক/কেকে
