বিএনপির নারী প্রার্থীদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০০:৩৮

গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির নারী সংসদ সদস্য প্রার্থীরা বৈঠক করেছেন। বিএনপির প্রার্থীদের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া শামা ওবায়েদ,রুমানা মাহামুদ, জেবা আমিন খান উপস্থিত ছিলেন। ইইউ প্রতিনিধি দলে ছিলেন ড্যাভিড নয়েল এবং ইরিনি মারিয়া।

বৈঠক শেষে শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, ইইউ’র একটি টেকনিক্যাল দল দেশে এসেছে গত এক মাস আগে। তারা তখন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছেন। নির্বাচনের দিন ঢাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দলটি। এছাড়া আন্তর্জাতিক মাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তারা তা দেখেছেন। তিনি জানান, আমরা বলেছি, ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি। আমার নির্বাচনী এলাকা ফরিদপুরে ২৯ ডিসেম্বর নির্বাচন হয়ে গেছে। তিনি জানান, গত একমাস ধরে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি তুলে ধরা হয়েছে। যারা মারা গেছেন তাদের কথা বলা হয়েছে। নারী প্রার্থী হিসেবে আমরা যে সমস্যা মোকাবিলা করেছি তা তারা জানতে চেয়েছেন।