আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ডিসেম্বর হলো আওয়ামী লীগসহ বাঙালি জাতির বিজয়ের মাস। যারা একাত্তরের ডিসেম্বরে পরাজিত হয়েছিল তাদের পৃষ্ঠপোষক হলো বিএনপি-জামায়াত। তাই ডিসেম্বর মাস আসলেই তাদের একাত্তরের পরাজয়ের কথা মনে পড়ে যায়। এ কারণে তারা ডিসেম্বরে নির্বাচন করতে ভয় পায়।
গতকাল বুধবার বিকালে রাজধানীর শান্তিনগরে ঢাকা ৮ আসনের কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নির্বাচনে আসলেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। যখন সমস্ত জাতি ভোটের প্রস্তুতি নিচ্ছে তখন তারা জ্বালাও-পোড়াওয়ের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এর জবাব দেশের জনগণ আগামী নির্বাচনে দিবে। আর যেকোনো ষড়যন্ত্র-চক্রান্ত জনগণ প্রতিহত করবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াও করে আগামী নির্বাচন বানচাল করা যাবে না। কারণ দেশে এখন নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতির বক্তৃতায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসী নৌকায় ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ডায়াবেটিস থেকে শিশুদের
রক্ষা করতে হবে
বুধবার রাজধানীর বারডেম-২ হাসপাতালে ‘শিশুদের ডায়াবেটিস প্রতিবন্ধকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের ইনসুলিন কিনে ব্যবহার করতে হয়-এটি শুনে বিস্মিত হয়েছি। বিষয়টি তিনি দ্রুত প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে জানান।
