ছুরিকাঘাতে বাস কাউন্টারের সুপারভাইজার নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৮

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে ছুরিকাঘাতে পরিবহনের (বাস) কাউন্টার সুপারভাইজার নিহত হয়েছেন। নিহতের নাম আকতার হোসেন সিকদার (৫০)। শনিবার ভোরে ধলপুরের লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আকতার কুমিল্লার জেলার মুক্তিনগর উপজেলার মাইনকারচর গ্রামের মৃত হজরত আলীর ছেলে। আকতার ধলপুর লিচুবাগান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। 

 

আকতারের ভাতিজা রাকিব জানান, তার চাচা আকতার হোসেন সায়েদবাদে একটি বাস কাউন্টারে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি বাসা থেকে সায়েদাবাদ বাস কাউন্টারে যাওয়ার সময় লিচু বাগান মসজিদের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বুকে ও হাতে ছুরিকাঘাতে জখম ছিল।

আরো পড়ুন : শুক্র গ্রহকে নিজেদের বলে দাবি করলো রাশিয়া

তিনি বলেন, তার চাচা ভোরে টাকা নিয়ে বাস কাউন্টারের যান। আর যাওয়ার পথেই ঘটনার শিকার হন। তার কাছে টাকার ব্যাগ, মানিব্যাগ কিছুই পাওয়া যায়নি। ছিনতাইকারীরা সব নিয়ে গেছে। তার কাছে আনুমানিক ৩০ হাজার টাকা ছিল। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

 

যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ নিহতের স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনও পরিষ্কার করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে কোনো সিসি ক্যামেরা ছিল না। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

 

ইত্তেফাক/ইউবি