বিরোধীদলীয় নেতা এরশাদ উপনেতা জিএম কাদের

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০০:৪৩

একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদকে এবং বিরোধী দলীয় উপনেতা হিসেবে দলটির কো-চেয়ারম্যান জি এম কাদেরকে স্বীকৃতি দিয়েছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা এইচ এম এরশাদকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ মোতাবেক (লালমনিরহাট-৩) সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী স্বীকৃতি প্রদান করেছেন।’

প্রসঙ্গত, জাতীয় সংসদে সর্বশেষ পুরুষ বিরোধী দলীয় নেতা ছিলেন বর্তমানে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। এরশাদের শাসনামলে চতুর্থ সংসদের বিরোধী দলীয় নেতা ছিলেন তিনি। অর্থাত্ প্রায় ২৭ বছর পর এবার একাদশ সংসদে একজন (এরশাদ) পুরুষ বিরোধী দলীয় নেতা হলেন। এছাড়া সংসদে সর্বশেষ বিরোধী দলীয় উপনেতা ছিলেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, অষ্টম জাতীয় সংসদে তিনি বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নবম সংসদে বিএনপি প্রধান বিরোধী দলে থাকলেও দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বিএনপি তখন কাউকে বিরোধী দলীয় উপনেতা করতে পারেনি। এছাড়া দশম সংসদে জাপা প্রধান বিরোধী দলে ছিল, এই দলটিও নিজেদের কোন্দলের কারণে কাউকে বিরোধী দলীয় উপনেতা করতে পারেনি।

একদিনের জন্য হাসপাতাল থেকে বাসায় এরশাদ

এদিকে, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এরশাদ গতকাল দুপুরে বারিধারার বাসায় গেছেন। গতকাল রাতে বাসাতেই অবস্থান করেন তিনি। জানা গেছে, আজ শুক্রবার তিনি আবারও সিএমএইচে ফিরে যাবেন।