ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

বেশিরভাগ প্যাভিলিয়নে এখনো চলছে নির্মাণ ও সাজগোজের কাজ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০০:৪৩

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৪তম আসর বসেছে শেরেবাংলা নগরে। গত বুধবার মেলা উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মেলা উদ্বোধন হলেও বেচা-বিক্রির জন্য এখানো পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠেনি। বেশিরভাগ স্টল ও প্যাভিলিয়ন এখনো অপ্রস্তুত। হাতেগোনা কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন তাদের প্রস্তুতি শেষ করেছে। অন্যগুলোতে অবকাঠামো নির্মাণ শেষ হলেও চলছে স্টলের ভেতরে-বাইরে সাজগোজের কাজ। গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র চোখে পড়েছে।

দেখা যায়, অর্ধশতাধিক স্টল ও প্যাভিলিয়নে পণ্যের পসরা সাজানোর কাজ চলছে। তবে কাপড়, ফার্নিচার, প্লাস্টিক ও গৃহস্থালী সামগ্রীর ছোট  স্টলগুলোতে পণ্য সাজিয়ে বসে আছেন দোকানিরা। শীতের পোশাকের পসরা সাজানো হয়েছে অর্ধশতাধিক স্টলে। আয়োজকরা বলছেন, আজ শুক্রবার থেকে ক্রেতা-দর্শনার্থী মেলায় আসতে শুরু করবেন। রাজধানীবাসী যেন এবারের মেলা ভালোভাবে উপভোগ করতে পারেন সেজন্য তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, দু’একদিনের মধ্যে তাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়ে যাবে। 

এবারের মেলায় ২২টি দেশের ৫২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দেশগুলোর মধ্যে রয়েছে- ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, মরিশাস, চীন, জাপান, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এবার বিভিন্ন ক্যাটাগরিতে ৬০৬টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৫৯টি, সাধারণ প্যাভিলিয়ন ১৯টি, বিদেশি প্যাভিলিয়ন ২৬টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ছয়টি, সাধারণ মিনি প্যাভিলিয়ন ৩৩টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৬টি, বিদেশি মিনি প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৯টি, প্রিমিয়ার স্টল ৬৮টি, বিদেশি প্রিমিয়ার স্টল ১৭টি, সাধারণ স্টল ২৯৫টি, ফুড স্টল ৩০টি ও রেস্তোরাঁ দুটি।

মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম ৩০ ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রবেশের টিকিট এবার অনলাইনেও পাওয়া যাবে। ফলে দর্শনার্থীরা যে কোনো স্থান থেকে ওয়েবসাইট ও মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে প্রবেশ টিকিট কাটতে পারবেন। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে ওয়েবসাইট (www.editf.com I App: E-DITF) থেকে টিকিট কেনা যাবে।