জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২২:৪৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়টি ৬৩৮ পৃষ্ঠার। গতকাল বুধবার বিকালে এ রায়ের অনুলিপি দেয়া হয় রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের। এ প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ইত্তেফাককে বলেন, রায় পর্যালোচনা শেষে ৩/৪ দিনের মধ্যে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বহালের হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনো পাইনি। ফলে ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে। মনোনয়নপত্র দাখিলের পূর্বেই এসব আবেদন করা হবে।

গত ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় বিশেষ আদালত। পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন। রায়ে বলা হয়, খালেদা জিয়া সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন থেকে অপরাধমূলক কাজের মাধ্যমে ব্যক্তিগত ট্রাস্টের অনুকূলে অবৈধভাবে অর্থ সংগ্রহ করে করে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা কখনো কাম্য হতে পারে না। ভবিষ্যতে যাতে অনুরূপ দায়িত্বে থেকে কেউ ওই ধরনের অপরাধ করতে উত্সাহিত না হন, সে জন্য তাকে কঠোর শাস্তি প্রদান করা আবশ্যক। এ মামলায় অপর আসামিদের আইনজীবী এম আমিনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামান বলেন, এখন রায় পর্যালোচনা করে আপিল করা হবে।