বরিশালে শতবর্ষী পুকুর ভরাটের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৬

বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় রাতের আঁধারে ৯৫ বছরের পুরোনো একটি পুকুর ভরাটের বিরুদ্ধে গতকাল শনিবার বিকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। তারা পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটি ব্যক্তি মালিকানাধীন হলেও স্থানীয় হাজারো পরিবারের ব্যবহারযোগ্য পানির উন্মুুক্ত উত্স। বৃহস্পতিবার দিবাগত রাতে অসংখ্য ট্রাক বালু ফেলে পুকুরটি ভরাট শুরু করলে এলাকার মানুষ বিক্ষোভ শুরু করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, স্থানীয় বাসিন্দা ও শ্রমিক নেতা আকতার রহমান সপ্রু, স্থানীয় কাজীবাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি সেলিম মৃধা প্রমুখ। বক্তারা বলেন, পুকুরটি ঐ এলাকার ঐতিহ্য। ব্যক্তি মালিকানাধীন হলেও নগরীর মধ্যে পুকুর ভরাট             করা যাবে না। এলাকায় অগ্নিদুর্ঘটনা হলে পানি সরবরাহের একমাত্র উত্স এই পুকুরটি। পুকুর রক্ষায় আইনি লড়াইয়েরও ঘোষণা দেন তারা।

এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন পুকুর ভরাটের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু তারা পুকুর ভরাটের অনুমতি নেননি। পুকুর ভরাট বন্ধে সিটি করপোরেশনের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক।

প্রসঙ্গত, ক্রয়সূত্রে পুকুরটির মালিক নগরীর আলেকান্দা নিবাসী ফয়েজ আহমেদ। তার উত্তরাধিকারীরা এখন সেখানে বহুতল ভবন  তৈরি করতে পুকুরটি ভরাট করেছেন।