ফেসবুক ম্যাসেঞ্জারে আপত্তিকর ছবি পাঠিয়ে প্রতারণার অভিযোগে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো. সাবাব সাদাত অমিও। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহূত একটি মোবাইল ফোনসেট ও একটি নোটবুক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ইন্দ্রিরা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম। শুক্রবার পুলিশ তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
এ ব্যাপারে সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ জানান, সাবাব গত দুই বছর যাবত্ একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিছুদিন হলো তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক থাকাকালে গোপনে ধারণকৃত কিছু আপত্তিকর ছবি ও ভিডিওচিত্র মেয়েটির ফেসবুক ম্যাসেঞ্জারে প্রেরণ করেন এবং তার কথামতো চলার জন্য চাপ দেন। অন্যথায় আপত্তিকর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবেন বলে হুমকি দেন। এ সংক্রান্তে গত ১০ সেপ্টেম্বর অভিযুক্তের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সাবাব বিভিন্ন মেয়েদের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক তৈরি করে সরলতার সুযোগ নিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর ভুয়া ফেসবুক আইডি তৈরি করে ভিকটিমের পরিবার ও অন্য সদস্যদের ম্যাসেঞ্জারে প্রেরণ করে প্রতারণা করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা সদর এলাকায় অভিযান চালিয়ে এ সকল অনৈতিক কাজে ব্যবহূত নোটবুক উদ্ধার করা হয়। শুক্রবার গ্রেফতারকৃত সাবাবকে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
