করোনা উপেক্ষা করে হা-ডু-ডু খেলা দেখতে জনতার ঢল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০১:০৪

প্রাণঘাতী করোনা মহামারি উপেক্ষা করে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে হা-ডু-ডু খেলার আয়োজন করে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় করোনা মহামারি উপেক্ষা করে হাজার হাজার দর্শক উপস্থিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কাছিমার চর একাদশ বনাম মহলগিরি একাদশ। খেলায় কাছিমার চর একাদশ মহলগিরি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পরে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে একটি বিশাল আকৃতির গরু তুলে দেন এবং রানার্স আপদের হাতে তুলে দেন একটি ফ্রিজ। 

খেলা পরিচালনা কমিটির সভাপতি আ. রহিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন-খেলার প্রধান পৃষ্ঠপোষক ও ইসলামপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা দানেছ আলী, মনিরুজ্জামান মনি, লালচান ও নুর ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: অবশেষে যুক্তরাষ্ট্রে টিকটক-উইচ্যাট নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন

করোনা মহামারির মধ্যে এমন খেলা দিয়ে হাজারও দর্শকের উপস্থিতিতে করোনা বিস্তার ঘটতে পারে এমন খেলা আয়োজন করা উচিত ছিল কি? এমন প্রশ্নের জবাবে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, আধুনিক খেলার ভিড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু হারিয়ে যেতে বসেছে। তাই হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এলাকাবাসীর হা-ডু-ডু খেলার আয়োজন করেছে বলে তারা জানিয়েছেন।

ইত্তেফাক/এএএম