সাভারের আশুলিয়া থেকে ৬৮টি চোরাই মোবাইল ফোনসহ চোর সিন্ডিকেটের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৪। উদ্ধার করা মোবাইল ফোনের মধ্যে ৩৩টি স্মার্ট ফোন এবং বাকী ৩৫টি ফিচার (বাটন) ফোন রয়েছে।
আজ রবিবার র্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ স্বাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলো- মোঃ আবুল কালাম, মোঃ মহসিন আলী, মোঃ সোহেল রানা এবং মোঃ সুজন।
র্যাব জানায়, মোবাইল ফোন চোর সিন্ডিটেকের সক্রিয় সদস্যরা চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন বিক্রির উদ্দেশে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় মোবাইল ফোন চোর সিন্ডিকেটের সক্রিয় ৪ সদস্য আবুল কালাম, মহসিন আলী, সোহেল রানা এবং সুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাইকৃত ৩৩টি স্মার্ট ফোন ও ৩৫টি ফিচার ফোনসহ মোট ৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের বাকী সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে র্যাব।
ইত্তেফাক/এমআরএম
