মানবতাবিরোধী অপরাধে কারাবন্দি ইউনুস মৌলভীর মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:১৩

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কারাবন্দি এ বি এম ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভী (৭৩) ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রবিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কারারক্ষী মো. রেজাউল করিম জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন এ বি এম ইউনুস আলী। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানায়, গত শনিবার বিকালেও কারাগারে অসুস্থ হয়ে পড়েন ইউনুস আলী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা তাকে কারাগারে নিয়ে যাওয়ার অনুমতি দেন। 

জানা যায়, মৃত ইউনুস আলীর বাড়ি জামালপুর সদর উপজেলার চানপুর হরিনাকান্দা গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল খালেক। ২০১৫ সালে মানবতাবিরোধী মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। সেই থেকে কারাগারেই ছিলেন। 

 

ইত্তেফাক/ইউবি