তরুণ উদ্যোক্তাদের স্বপ্নের বাজার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:২০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

করোনার কারণে সৃষ্ট অচল অবস্থার কারণে গত ছয় মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীরা পড়েছেন নানামুখী সমস্যায়। এই বন্ধে শিক্ষার্থীরা পড়ালেখায় পিছিয়ে পড়েছেন অনেকটাই। পাশাপাশি অনেক দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা টিউশনি করে চালাতেন নিজের পড়ালেখার খরচ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরাও হারিয়েছেন তাদের টিউশনি, পড়েছেন অর্থ সংকটে। কিন্তু শিক্ষার্থীরা হার মানার পাত্র নন। প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ায় সর্বদা প্রস্তুত থাকেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই তো তারা থেমে থাকেনি বরং নতুনভাবে শুরু করেছেন অর্থ উপার্জনের পথ। তথ্যপ্রযুক্তির এই যুগে অসংখ্য তরুণ শিক্ষার্থী অর্থ উপার্জনের জন্য বেছে নিয়েছেন অনলাইন বিজনেসের মতো সম্ভাবনাময় জগত্। শিক্ষার্থীরা বুঝতে শিখেছেন যে কোনো কাজে লজ্জা নেই, লজ্জা হলো অলসতায়।  এই তো জ্যৈষ্ঠ মাসে রাজশাহী, নওগাঁ, রংপুরের বিভিন্ন ধরনের বিখ্যাত সব আম সারা দেশে সরবরাহ করে হাজার হাজার টাকা মুনাফা অর্জন করেছেন বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা। ফেসবুকের মাধ্যমে পদ্মার ইলিশ বিক্রি করে সাড়া ফেলে দিয়েছেন কতজন! আর এখন তো নিজ হাতে তৈরি শৌখিন পণ্য, মুখরোচক খাবার কিংবা দেশীয় ঐতিহ্যবাহী পণ্যগুলো অনলাইনে বিক্রি করছেন আমাদের শিক্ষার্থীরা। একেকজন হয়ে উঠেছেন তরুণ উদ্যোক্তা। পরিশ্রম ও সততা দিয়ে ফেসবুক ভিত্তিক অনলাইন বিজনেস করে নিজেদের নিয়ে গেছেন এক অনন্য মাত্রায়। তবে এই উদ্যমী তরুণরা পৃথকভাবে কাজ করায় বাংলাদেশের বিশাল বড় অনলাইন বাজারে নিজেদের সম্পূর্ণভাবে মেলে ধরতে পারছেন না। এছাড়াও নানা জটিলতার কারণে বড় পরিসরে গ্রাহককে সেবাও দিতে পারছেন না। তাই এসব উদ্যমী, সত্ ও বিশ্বস্ত তরুণ উদ্যোক্তাদের একটি মাত্র প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য Rialto.com.bd এর কার্যক্রম শুরু করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কৃষিবিদ মো. নাবিল তাহমিদ রুশদ, কৃষিবিদ আব্দুল্লাহ আল আমিন ও শাহরিয়ার আমিন। তাদের কাছ থেকেই জানব রিয়ালটো বিডির পথচলার গল্প—

মো. নাবিল তাহমিদ রুশদ

বর্তমানে বাংলাদেশে অসংখ্য ই-কমার্স সাইট থাকলেও প্রতারণা ও নিম্নমানের পণ্য সরবরাহের কারণে মানুষ অনলাইন কেনাকাটায় এখনো পুরোপুরি ভরসা করতে পারছেন না। এ রকম একটি অবস্থার মধ্যেও আমাদের অনেক তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তা ফেসবুক-ভিত্তিক অনলাইন বিজনেসের দিকে আগ্রহী হয়ে উঠছেন এবং গ্রাহকের কাছে গুণগত পণ্য সরবরাহের চেষ্টা করছেন। যদি এমন একটি প্ল্যাটফরম থাকত, যেখানে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী তার সৃষ্টিশীল পণ্যগুলো নিয়ে আসতে পারত। আর গ্রাহককেও আলাদা আলাদাভাবে সবার সঙ্গে যোগাযোগ না করে বরং একটি প্ল্যাটফরমের মাধ্যমেই সব উদ্যোক্তাদের সব পণ্য পেয়ে যেত; তাহলে কতই না ভালো হতো!

এই সাধারণ আইডিয়াটা থেকেই মূলত রিয়ালটো বিডি প্রতিষ্ঠা করি। রিয়ালটো বিডি একটি ই-কমার্স-ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে এই তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তারা তাদের পণ্যটি নিশ্চিন্তে গ্রাহকের সামনে তুলে ধরতে পারবেন ও সহজে সরবরাহ করতে পারবেন। এক কথায় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে গ্রাহকের একটি সেতুবন্ধ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আর এ লক্ষ্যেই আমরা গড়ে তুলেছি তরুণ উদ্যোক্তাদের স্বপ্নের বাজার ‘রিয়ালটো বিডি’। আমার বন্ধু আব্দুল্লাহ আল আমিন ও প্রিয় ছোট ভাই শাহরিয়ার আমিনের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই এ কার্যক্রমকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। আমাদের সঙ্গে বাকৃবি, শেকৃবি, রাবি, হাবিপ্রবিসহ ১০টিরও অধিক বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন তরুণ উদ্যোক্তা ও তাদের ৩৫০টিরও অধিক সৃষ্টিশীল ও নান্দনিক পণ্য আমাদের ওবেসাইটে যুক্ত হয়েছে। যা আমাদের জন্য এক অভাবনীয় পাওয়া। আমরা অন্য কোনো ই-কমার্স ওবেসাইটের মতো শুধু নিজেদের চিন্তা করি না বরং তরুণ উদ্যোক্তাদের ব্র্যান্ডিং ও বিজনেস প্রসারের চেষ্টা করছি।

 

আব্দুল্লাহ আল আমিন

আমরা শুরু থেকেই চেষ্টা করেছি উদ্যোক্তা ও গ্রাহক উভয়ের জন্য সহজ, সুন্দর ও দ্রুতগতির একটি ওয়েবসাইট উপহার দিতে। আমাদের ‘রিয়ালটো বিডি’ এমন একটি অনলাইন বাজার যেখানে তরুণ উদ্যোক্তারা সব পণ্য উপস্থাপন করাতে পারবেন। আর গ্রাহকগণ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নিমিষেই খুঁজে নিতে পারবেন তার পছন্দের পণ্যটি। এতে করে উদ্যোক্তাদের অর্ডার ম্যানেজমেন্ট ও মার্কেটিংয়ের চাপ কমে যাবে। তারা মার্কেটিংয়ের পরিবর্তে সৃষ্টিশীল পণ্য তৈরিতে মনোযোগ দিতে পারবেন।

এছাড়াও আমাদের রয়েছে একটি নিবেদিত দল যা আমাদের ওয়েবসাইটকে গ্রাহকদের জন্য সর্বাধিক      সুরক্ষিত করতে সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করে    যাচ্ছেন। সর্বোপরি একটি নিরাপদ ও প্রতারণামুক্ত তরুণ উদ্যোক্তাদের স্বপ্নের বাজার তৈরিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

 

শাহরিয়ার আমিন

বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করার লক্ষ্যে আমরাই প্রথম ওয়েবসাইট নির্ভর অনলাইন বাজার তৈরি করেছি। যা আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অভাবনীয় সুযোগের দ্বার উন্মোচন করবে বলে আশা করছি। অনলাইন-ভিত্তিক বিজনেসে উত্সাহ দেওয়ার পাশাপাশি গ্রাহকদের নিরাপদ ও মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। কৃষিবিদ হয়ে দেশের কৃষকের পাশে দাঁড়াতে, তরুণদের উদ্যোক্তা হতে ও তাদের অনলাইন বিজনেস প্রসারের লক্ষ্যে কাজ করতে চেষ্টা করে যাচ্ছি।

উদ্যোক্তাদের উত্পাদিত মানসম্মত পণ্য দেশের মানুষের কাছে সুলভ মূল্যে সরবরাহ করার জন্য তরুণ উদ্যোক্তাদের এই স্বপ্নের বাজার। গ্রামীণ ও শহুরে মানুষকে একই সুতোয় গেঁথে এ দেশের বাজার ব্যবস্থাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন এই তিন তরুণ। রিয়ালটো বিডির একজন নিয়মিত গ্রাহক কিংবা উদ্যোক্তা হিসেবে যুক্ত হয়ে আপনিও হতে পারেন এই স্বপ্নের সারথি।