করোনাকালীন পুরো বিশ্ব যেন থমথমে অবস্থা। কিন্তু এ সময়েও বাংলাদেশে
থেমে নেই বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, থেমে নেই
অসহায়দের আর্তনাদ। এ সম্পর্কে কী ভাবছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা? এসব ভাবনা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে
তুলে ধরেছেন— মাহফুজুর রহমান
রুহেল আহমেদ
বাংলা বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
করোনা ভাইরাস দেখিয়ে দিয়েছে মানুষ কতটা অসহায়! অন্যান্য দেশের মতো বাংলাদেশও করোনা থেকে মুক্তির জন্য চেষ্টা চালালেও কিছুটা ব্যতিক্রম দৃশ্যও দেখতে পাওয়া গেছে। এক শ্রেণির শিক্ষিতরা নিজের স্বার্থে এরকম দুর্যোগপূর্ণ সময়েও লুটপাট বজায় রেখেছে। কিছু নামধারী ডাক্তারের কর্মকাণ্ড ডাক্তারি পেশাকে অপমানিত করেছে। আমাদের এরকম নামধারী শিক্ষিত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে এবং তাদের জন্য যোগ্য জায়গা তাদের দেখিয়ে দিতে হবে।
জিয়াউর রহমান সাজু
প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়
করোনার দুর্যোগের পর থেকে বাংলাদেশ খুব বেশি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের যে এলাকাগুলো প্রবাসীনির্ভর, সেই এলাকার মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। তারা অনেকেই দেশে আটকা পড়ে আছে। অনেকে দেশের বাইরে থাকলেও কাজ নেই। ক্ষমতার বদৌলতে ভুয়া সার্টিফিকেট প্রদান করে অসংখ্য প্রবাসীর জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে একটি লোভী ব্যবসায়ী চক্র। এই লোভীকে প্রতিহত করার মাধ্যমেই স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আরো একধাপ এগিয়ে যাব।
মো. জাকির হোসেন
বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কিছু রাজনীতিবিদ আছে যারা মুখে মুখে বলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেছে কিন্তু বাস্তবে কাজে মিল পাওয়া যায় না। এসব ব্যক্তি সমাজে সুযোগ বুঝে ঝামেলার সৃষ্টি করে। এতে সমাজ থেকে আঙুল উঠে বঙ্গবন্ধুর আদর্শের ওপর। তাই, এ সব নেতাকে আমাদের পরিহার করতে হবে। আমরা এমন একটা সমাজব্যবস্থা চাই যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। দেশের সকল স্তরের মানুষ মিলে এই মহামারি করোনা ভাইরাসকে মোকাবিলা করবো।
এম. কামিল আহমেদ
ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
বর্তমান সময়ে আলোচিত ঘটনা হলো মেজর সিনহা হত্যার ঘটনাটি। সবার মনেই দাগ কেটেছে ঘটনাটি। নিজের নিজের জায়গা থেকে সবাই চাচ্ছে যেন সুষ্ঠু বিচার হয়। এছাড়া, বিচারবহির্ভূত হত্যা বেড়ে গেছে। এতে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাই, এরকম ঘটনার পিছনে কে আছে তাদের খোঁজে বের করাই মূল লক্ষ্য হওয়া উচিত। আর আমাদের দেশে এই ঘটনা যেন আর না ঘটে সেদিকটায় সরকারের নজর দেয়া উচিত।
