১৬ অক্টোবর খুলছে সিনেমা হল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৯:১০

বিনোদন রিপোর্ট

 

প্রায় ৭ মাস বন্ধ থাকার পর সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা পরিস্থিতির আরো অবনতি না হলে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ অক্টোবর সারাদেশের সিনেমা হলগুলো খুলে দেওয়া হবে। গতকাল সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠকের পর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সিনেমা হল খোলার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আগস্ট মাসের শুরুর দিকে একবার বসেছিলাম। সেই বৈঠকে সিদ্ধান্ত ছিল ১৫ সেপ্টেম্বরের পর বৈঠক করে আমরা সিদ্ধান্ত নেব। সেই মর্মে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা করে আমরা যে ঐক্যমতে উপনীত হয়েছি সেটি হচ্ছে—করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে, ট্রেন্ডটা যদি কমতির দিকেই থাকে তাহলে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি। এ বিষয়ে আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সম্মতি গ্রহণ করবো।’ হাছান মাহমুদ আরো বলেন, ‘সিনেমা হল খুললে সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে। ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চালু হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কীভাবে আসন বিন্যাস হবে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। সেভাবেই আসন বিন্যাস করতে হবে।’

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে গত মার্চে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় অফিস-আদালত খুলে দেওয়া হলেও বিভিন্ন বিনোদন কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে।