ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম দায়িত্ব নেওয়ার পর গতকাল সূচকের সব থেকে বড় দরপতন হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ৭৬ পয়েন্ট পড়ে গেছে।
শেয়ারবাজারের ক্রান্তিকালে গত ১৭ মে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম। দায়িত্ব নেওয়ার পর বন্ধ শেয়ারবাজারে ৩১ মে থেকে আবার লেনদেন শুরু করেন। তিনি দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারে উত্থান-পতন প্রবণতা চলতে থাকে। তবে ১৭ আগস্ট ডিএসইর প্রধান সূচক ৭৪ পয়েন্ট পড়ে যায়। বিএসইসির নতুন চেয়ারম্যানের মেয়াদে সেটাই ছিল বড় পতন। এরপর আবার বাজার বাড়তে থাকলেও গতকাল সোমবার শেয়ারবাজারে বড় দরপতন হলো।
গতকাল লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে পতনের আভাস পাওয়া যায়। প্রথম আধাঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যায়। ফলে নিম্নমুখী হয়ে পড়ে সূচক। সময়ের সঙ্গে সূচকের নিম্নমুখী প্রবণতা বাড়তে থাকে।
ফলে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট কমে ৫ হাজার ১২ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৭২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ১৩৮ পয়েন্টে অবস্থান করছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস সূচক কমল।
সূচকের এই পতনের দিনে ডিএসইতে অংশ নেওয়া ৮২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ২৫৯টি এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৭৭ কোটি ৫৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১০৩ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১২৬ কোটি ৩০ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং। কোম্পানিটির ২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২৬ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৫৮ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রূপালী ইনসিওরেন্স।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—বেক্সিমকো ফার্মা, পূরবী জেনারেল ইনসিওরেন্স, ব্র্যাক ব্যাংক, বিডি ফাইন্যান্স, নিটল ইনসিওরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যাল এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২০৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩১ কোটি ২৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৪টির এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
