কুমিল্লায় যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল আরোহী মা ও শিশু মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার সাহেব বাজার (তুঁত বাগান) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার দেবীদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামের এরশাদ মিয়ার স্ত্রী কুলসুম বেগম ও শিশুকন্যা শাহিনুর বেগম। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার দেবীদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রাম থেকে মোটর সাইকেল যোগে এরশাদ মিয়া তার স্ত্রী কুলসুম বেগম (৩৬) ও কন্যা শাহিনুর বেগমকে (৩) সঙ্গে করে কুমিল্লা নগরীতে ডাক্তার দেখানোর জন্য আসছিলেন। বিকাল পৌনে ৩টার দিকে তারা বুড়িচং উপজেলার সাহেব বাজার সংলগ্ন তুঁত বাগান এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী নিউ জনতা পরিবহনের একটি দ্রুতগামী বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক এরশাদ মিয়া গুরুতর আহত হন এবং তার স্ত্রী কুলসুম বেগম ও তাদের মেয়ে শাহিনুর বেগম ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা আহত এরশাদ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে এ দুর্ঘটনার পর এলাকার শত শত লোকজন ঘটনাস্থলে ভিড় জমায় এবং মা ও মেয়ের প্রাণহানির ঘটনায় স্থানীয় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাফায়েত হোসেন জানান, ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক ঘটনাস্থলে বাসটি ফেলে পালিয়ে যায়, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এসআই
