পিঙ্ক সিটি বা গোলাপী শহর নামে সুপরিচিত রাজস্থানের রাজধানী জয়পুর। শহরের তিনদিকে রয়েছে পাহাড়। পুরো শহর যেন গোলাপী রঙয়ে একাকার হয়ে আছে। রাজা দ্বিতীয় রামসিং গোলাপী রঙ খুব ভালোবাসতেন বলেই প্রতিটি বাড়ি এবং দোকানে গোলাপী রঙ করার আদেশ দেন।
জয়পুর শহর গড়ে তোলেন রাজা জয়সিং। তার নামানুসারে এই শহরের নাম জয়পুর করা হয়। জয়পুরের অন্যতম আকর্ষণ হলো হাওয়া মহল। বিচিত্র শিল্প নৈপূণ্যে ভরা এই প্রসাদটি পাঁচতলা বিশিষ্ট। জয়পুরে আরো দেখার মতো আছে গোবিন্দজীর মন্দির, জলমহল, অম্বর প্যালেস, কালী মন্দির, জয়মনি মন্দির, দেওয়ান-ই-আজম, দেওয়ান-ই-খাস, সুখ মন্দির, সিটি প্যালেস মিউজিয়াম, নাহারগড় দুর্গ প্রভৃতি।
কেন্দ্রীয় জাদুঘর পুরাতন নগরীর দক্ষিণাংশে রাম নিবাস গার্ডেনে অবস্থিত। এই জাদুঘর জয়পুরের মহারাজার দুর্লভ পোর্ট্রেট, সাজ পোশাক, জয়পুরের বিভিন্ন স্থানের কাঠের কাজ ও শিল্পকলা স্থান পেয়েছে। এখানে বাগানে ছোট একটা চিড়িয়াখানা ও আর্ট গ্যালারি রয়েছে। অপরূপ সৌন্দর্য আর স্থাপত্যে ভরা শহরটির গল্প তখনই সত্য মনে হবে যখন এক নজর দেখবেন আপন দৃষ্টির আলোয়।
