জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে : রাষ্ট্রদূত শাহাবুদ্দিন    

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:১০

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ সেখানে কর্মরত কর্মকর্তা – কর্মচারীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও নীতি ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে অধিকতর নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। রবিবার টোকিও মিশনের সহকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। 

মতবিনিময় অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এবং বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে দোয়া-মোনাজাত করা হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা এবং দেশের সমৃদ্ধি প্রত্যাশা করে দোয়া করা হয়।

রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র এবং দুদেশের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পরপরই জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তিনি বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়ন, দেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণ, শ্রম বাজারের প্রসার এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।  

জাপান সরকারের আইন মোতাবেক ১৪ দিনের কোয়ারেন্টাইন অতিবাহিত হওয়ার পর তিনি আজ মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজকর্ম শুরু করেন। উল্লেখ্য তিনি গত ১১ সেপ্টেম্বর সরকারি নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।


ইত্তেফাক/ইউবি