ক্লাবগুলোর সঙ্গে পরিচিত হলো সম্মিলিত পরিষদের প্রার্থীরা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৫

বাফুফের নির্বাচনে সালাহউদ্দিনের সম্মিলিত পরিষদ প্যানেলের সঙ্গে গতকাল ঢাকার ক্লাবগুলোর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রহমতগঞ্জের নির্বাহী কমিটির সদস্য ইকবাল উদ্দিন বললেন, ‘শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করা ঠিক না। জেলা ক্রীড়া সংস্থা থেকে আলাদা হয়ে জেলা ফুটবল গঠন করায় ফুটবলের কতটা ক্ষতি হলো কিংবা কতটা লাভ হলো, এটা আলোচনা হয় না। আলোচনা হয় জিমনেসিয়াম নিয়ে। জিমনেসিয়াম আলোচনার কোনো বিষয় হলো? আমরা ক্ষুদ্র মানুষ হলেও বড়দের কাজ দেখি, মাঠ গরম করে দিয়ে তিনি নিজেই হওয়া হয়ে যান।’ প্যানেল পরিচিতি সভায় কী আলোচনা হলো জানতে চাইলে ক্লাব কর্মকর্তারা খুব একটা কথা বলতেও রাজি নন। এরই মধ্যে দুই-একজন বললেন, সামছুল হক চৌধুরী প্যানেল পরিচিত করেন, সালাম মুর্শেদী বক্তব্য রাখেন। বাইরে এসে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনও সংবাদমাধ্যমের প্রশ্নে নির্বাচন নিয়ে কথা বলেননি।