সিটির দশে দশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৫

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে ম্যানচেস্টার সিটির প্রথম সূচিটা বেশ কঠিনই ছিল। তবে গেলোবার শীর্ষ ছয়ের দৌড়ে জোরেশোরেই থাকা উলভারহ্যাম্পটনকে তাদেরই মাঠে ৩-১ ব্যবধানে হারিয়ে সেটা দারুণভাবেই জয় করেছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। এর ফলে প্রিমিয়ার লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ১০ মৌসুম জয় দিয়ে শুরু করল সিটিজেনরা।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই গোলের সন্ধানে মরিয়া ছিল গার্দিওলার দল, যার ফল মেলে ২০ মিনিটে, কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় সিটি। মিনিট দশেক পর ব্যবধান বাড়ান প্রথমার্ধে আলো ছড়ানো ফিল ফোডেন। ৭৮ মিনিটে রাউল হিমেনেজের গোলে আশা ফিরেছিল অবশ্য উলভস শিবিরে। গেলো মৌসুমেই যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও জিতেছিল দলটি! ৯০ মিনিটে গ্যাব্রিয়েল জেসাসের গোলে অবশ্য সেই আশা মিইয়ে যায় নিমেষেই।

ইংলিশ ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ১০ মৌসুমে জয় দিয়ে শুরু করার কীর্তিও গড়ে দলটি। তবে কোচ গার্দিওলা বড় করে দেখলেন ৩ পয়েন্ট পাওয়াকেই। তার ভাষ্য, ‘তিন পয়েন্ট জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো একটা পারফর্ম্যান্স ছিল আজকে। আমরা জানি এটা কতটা কঠিন ছিল। কখনো কখনো শুরুটা ভালো হলেও নিজেদের সেরা ছন্দে আসতে কিছুটা সময়ের প্রয়োজন হয় আপনার, আজ শুরুটা আমাদের ভালো ছিল।’

শেষ কিছুদিনে করোনার আক্রমণেই জর্জর সিটি। রিয়াদ মাহরেজ, আইমেরিক লাপোর্তের পর ম্যাচের আগেই করোনাক্রান্ত হওয়ার খবর এসেছিল আরেক মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ানের। সেসব পাশ কাটিয়ে ম্যাচটা যে কঠিন হবে, তা আগে থেকেই জানতেন গার্দিওলা। স্প্যানিশ কোচের কথা, ‘যে সময়ে আমরা আছি, আর শেষ দুই সপ্তাহে যে অবস্থা হয়েছে আমাদের, কিছু সময়ে ভোগাটা প্রত্যাশিতই ছিল তাতে। কিন্তু সাধারণভাবে দেখলে ম্যাচে আমাদের দখল ছিল বেশ।’

এদিকে উলভস সব প্রতিযোগিতায় এ নিয়ে দুই ম্যাচে জয়হীন রইল। এর কারণ হিসেবে কৌশল পরিবর্তনকেই দেখছেন কোচ নুনো এস্পিরিতো সান্তো। পর্তুগিজ কোচ বললেন, ‘আমরা কিছু পরিবর্তন করেছিলাম, আর মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এতে অনেক পরিশ্রম হয়েছে, অনেক কিছু বদলাতে হচ্ছে। অন্য প্রান্ত থেকে যে ম্যাচটা শেষ করতে পারিনি, ব্যাপারটা খুবই বাজে।’