নাগর নদের প্রায় দুই কিলোমিটার পথে কচুরিপানার স্তূপ জমে আছে। ফলে পানিপ্রবাহ গতি হারিয়ে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে গেছে নদের তীরবর্তী আট হেক্টর ফসলি জমি। গত তিন দিন ধরে আওয়ামী লীগ নেতা আবদুল জব্বারের নিজস্ব অর্থায়নে চলছে কচুরিপানা সরানোর কাজ। ফলে নদে বেড়েছে পানি প্রবাহ। ধারণা করা হচ্ছে, পুরোপুরি স্তূপ সরাতে এখনো ১০ দিন লাগতে পারে।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সরদার বলেন, বিষয়টি জানতে পেরে স্থানীয় সংসদ সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তত্ক্ষণাত্ নাটোরের জেলা প্রশাসক, সিংড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কচুরিপানা অপসারণের জন্য নির্দেশনা দেন। স্থানীয় হাফিজুর রহমান, নাজমুল হাসান, রহিদুল ইসলামসহ একাধিক কৃষক জানান, নদের পানি বাধাগ্রস্ত হয়ে প্রতিদিন মাঠে যেভাবে পানি বাড়ছে তাতে দ্রুত ব্যবস্থা না নিলে মাঠের ফসলের পাশাপাশি এই এলাকার বাড়িঘরও পানিতে তলিয়ে যাবে।
তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল জব্বার বলেন, কচুরিপানার স্তূপের কারণে প্রায় ২০ থেকে ২৫ ফুট গভীর এ নদের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়েছিল। পানার স্তূপ এত শক্ত যে, এর ওপর দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারছে। প্রতিদিন ৫০ জন শ্রমিক স্তূপ সরানোর কাজ করছে। বর্তমানে পানিপ্রবাহ অনেকটা স্বাভাবিক হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, অতীতের মতো ভবিষ্যতেও কৃষি ও কৃষকের স্বার্থে কাজ করবে আওয়ামী লীগ।
