সাভারে অবৈধভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণ করে ফার্নেস অয়েল তৈরির অভিযোগে পাঁচটি কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কারখানাগুলোর মালিকদের নগদ আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ অবৈধ কারখানাগুলোতে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
আরো পড়ুন : নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ সিফাত মারা গেছে
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে কৃষি জমি ভরাট করে পরিবেশ দূষণ করে টায়ার পুড়িয়ে জ্বালানি ফার্নেস অয়েল তৈরি করে বিক্রি করে আসছিলেন পাঁচটি কারখানার মালিকরা। এতে ওইসব কারখানার কালো ধোয়ায় আশেপাশের জমির ফসল নষ্টসহ এলাকাবাসী নানা রোগে ভুগছিলেন। জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছিলো। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওইসব কারখানায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ দূষণের দায়ে ওই এলাকার পাঁচটি কারখানা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে চারটি কারখানার মালিকদের নগদ আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে একটি কারখানার মালিক ও কর্মচারীদের না পাওয়ায় তাদেরকে জরিমানা করা সম্ভব হয়নি।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাব্বের হোসেন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
