জাপানে ভ্রমণ করা পর্যটকরা দেশটি ছেড়ে যাওয়ার সময় প্রত্যেক ভ্রমণকারীর কাছ থেকে ৯ ডলার (এক হাজার ইয়েন) প্রস্থান কর আদায় করছে জাপান। যেসব ভ্রমণকারী উড়োজাহাজ বা জাহাজে করে জাপান ত্যাগ করছে, তাদের ক্ষেত্রে নতুন এ প্রস্থান কর আরোপ করা হয়েছে। তবে দুই বছরের কম বয়সী শিশু এবং যারা ২৪ ঘণ্টার মধ্যে জাপান ত্যাগ করছে, তাদের জন্য এ কর প্রযোজ্য নয়। এ করের মাধ্যমে একটি নতুন রাজস্ব প্রবাহ তৈরি করা হবে। যা উন্নত ভ্রমণ সেবা সুবিধা প্রদানে ব্যয় করা হবে। দর্শনার্থীদের সন্তুষ্টি বৃদ্ধি, পল্লি অঞ্চলসহ সারা দেশে পর্যটন শক্তিশালী করার পাশাপাশি ভ্রমণকারীদের জাপান ভ্রমণ সম্পর্কে সর্বোত্তম তথ্য প্রদানে এ অর্থ ব্যয় করা হবে। ২০২০ সালে টোকিওতে অলিম্পিক ও প্যারালিম্পিক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ক্রীড়া উত্সব চলাকালে এবং এর পরবর্তী সময়ে দেশে ভ্রমণকারীর সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। এর আগেই এ ধরনের কর চালু করা হলো।
—নাঈমা সুলতানা
