নওগাঁয় ১২০০ কেজি চাল জব্দ, দোকানি খলিলুর পলাতক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:৪০

নওগাঁ সদরের মাদারমোল্লা বাজারে একটি মুদি দোকান ঘরের তালা ভেঙে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তায় (৩০ কেজি ওজন) ১ হাজার ২০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ঘটনার পর থেকে দোকানি খলিলুর রহমান পলাতক রয়েছেন। চালগুলো জব্দ করার পর দোকানটিকে সিলগালা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদারমোল্লা বাজারের খলিলুর রহমানের দোকান থেকে চালগুলো জব্দ করা হয়। খলিলুর রহমান সদর উপজেলার ইলশাবাড়ি গ্রামের মৃত সাবদুল হকের ছেলে।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হোসেন বলেন, দোকান মালিককে বারবার ফোন দিলেও কোনো সাড়া দেননি। পরে সদর ইউএনওকে অবগত করার পর দোকানের তালা ভেঙে ৪০ বস্তায় ৩০ কেজি করে ১ হাজার ২০০ কেজি চাল উদ্ধার করা হয়। চালগুলো কোথায় থেকে এসেছে তা খতিয়ে দেখা হবে। তিনি আরো জানান, এই চালগুলো কেনা, বিক্রি এবং মজুত করা সরকারিভাবে দণ্ডনীয়।