নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর রাক্ষলখালী খালে অবৈধভাবে বাঁধ দেয়ার কারণে পানি নিষ্কাশন বাধাপ্রাপ্ত হওয়ায় বাঁধের উজানে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গেছে প্রায় ৫০ একর জমির আমন ধান।
ভুক্তভোগী কৃষকরা জানান, স্থানীয় কালিহর বৈরাগীপাড়া গ্রামের আব্দুল খালেক ওই খালে বাঁধ দিয়ে মাছ নিধন করছেন। এতে কৃষকের আমন ধান বিনষ্ট হওয়ার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের উৎস্য হিসেবে খ্যাত খালের ডিমওয়ালা মাছ, ছোট আকৃতির মাছ নিধন হচ্ছে। যার কারণে দেশীয় প্রজাতির পুঁটি, স্বরপুঁটি, শোল, টাকি, কৈ, শিং, পাবদা, ফলই, গুইতে, বাইন, টেংরা, কাকিলাসহ বিভিন্ন প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে।
ভুক্তভোগী কৃষক পানিশা গ্রামের হাবিবুর রহমান, ফিরোজ মিয়া, শফিকুল মুন্সীসহ একাধিক ব্যক্তি জানান, ফসল রক্ষায় বাঁধ অপসারণের দাবীতে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগ করলেও প্রতিকার পাননি। এছড়া এর প্রতিকার চেয়ে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরও আবেদন করেছেন বলে জানান।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন বলেন, গত কালকেও উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই বাঁধটি অপসারণ করা হবে।
ইত্তেফাক/এএম

