জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার তাকেও আকিবার কাছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তার পরিচয়পত্র পেশ করেছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে এ পরিচয়পত্র পেশ করেন তিনি। এর মাধ্যমে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ জাপানে রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করার জন্য দেশটি রসরকারের আনুষ্ঠানিক অনুমোদন লাভ করলেন।
এ সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জাপানের উন্নয়নের আদলে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করার স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন কাঙ্খিত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।’
তিনি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নের প্রতিটি স্তরে জাপানের সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে তার মেয়াদকালে দু’দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় সম্পর্ককে আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: আন্দোলন করলে সৌদি সরকার নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
ভাইস মিনিস্টার তাকেও আকিবা রাষ্ট্রদূত শাহাবুদ্দিনকে জাপানে স্বাগত জানিয়ে বলেন, ‘জাপান সরকার বাংলাদেশের সাথে চলমান সহযোগিতার ক্ষেত্র ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও জোরদার করার লক্ষ্যে কাজ করে যাবে।’ তিনি জাপানে রাষ্ট্রদূত হিসেবে তার অবস্থানকালে জাপান সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে তিনি জাপানের রাষ্ট্রাচার প্রধান অ্যাম্বাসেডর আতসুশি কাইফু এর সাথে দেখা করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর আগামী ৩০ সেপ্টেম্বর জাপানের সম্রাটের নিকট তার পরিচয়পত্র পেশ করবেন। ফলে ঐদিন থেকে তার রাষ্ট্রদূত হিসেবে কার্যক্রম শুরু করার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ইত্তেফাক/এএএম
