জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উত্সব জিতে নিচ্ছে একের পর এক পুরস্কার। এবার জাপানের ৩০ তম ‘ফুকৌকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’-এ ‘কুমামোতো সিটি অ্যাওয়ার্ড’ জিতেছে এই চলচ্চিত্রটি। ফেসবুক এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। যদিও-বা দেশে এই ছবিটি এখনো সেন্সর ছাড়পত্র পায়নি।
ফেসবুক ফারুকী লিখেছেন, ‘ফুকৌকার দর্শকদের কৃতজ্ঞতা জানাই আমাদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। একই সঙ্গে আমার টিমের সব সদস্যকেও ধন্যবাদ জানাব, যাঁদের অক্লান্ত পরিশ্রমে সিনেমাটি নির্মাণ করতে পেরেছিলাম। আমি আশা করছি, বাংলাদেশের দর্শক খুব শিগগিরই সিনেমাটি দেখতে পাবেন।’
জানা গেছে, ৩০ তম ‘ফুকৌকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’ ২০ সে্বেম্বর শুরু হয়েছে, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে ফ্রান্সে নেটপ্যাক জুরি প্রাইজ এবং হাই স্কুল জুরি অ্যাওয়ার্ড, মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে দুটি ইনডিপেনডেন্ট জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল ‘শনিবার বিকেল’। এ ছাড়া সিডনি ও মিউনিখ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল চলচ্চিত্রটি।
থ্রিলার চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ ২০১৬ সালের জুলাইয়ে ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রেরণায় নির্মাণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, ইরানের ইয়াদ হুরানিসহ অনেকেই। চলচ্চিত্রটি বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত।
