একটি রিয়েলিটি শো’র মধ্যদিয়ে পেশাগতভাবে সংগীতে তার যাত্রা শুরু হলেও পেশাগত জীবনের শুরুতেই তিনি তার একেবারেই ভিন্ন কণ্ঠ দিয়ে শ্রোতা-দর্শককে মুগ্ধ করেছিলেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুভ বিবাহ’ সিনেমায় কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুর সংগীতে ‘হূদয় যেখানে চাইছে হারাতে’ গানটি দিয়েই বাংলাদেশের গানপ্রেমী শ্রোতা-দর্শকের মধ্যে ভীষণ সাড়া ফেলেছিলেন রন্টি দাস। যে কারণে পরবর্তী সময়ে সংগীত ভুবনে পেশাগতভাবে তার চলার পথটার খুব বেশি সংগ্রামের ছিল না। রন্টির গানের আলাদা কদর যেমন রয়েছে শ্রোতা দর্শকের কাছে ঠিক তেমনি কদর আছে তার প্রিয় সহকর্মীদের কাছেও। যে কারণে রন্টি তার সমসাময়িক সংগীতশিল্পীদের চেয়ে একটু আলাদা। সবসময়ই ভালো কথা ও ভালো সুরের গানের প্রতি ছিল তার দুর্নিবার আকর্ষণ। তবে সংগীত জীবনের পথচলায় এবার রন্টি দাস নিজেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান লিখেছেন। মুজিব বর্ষের শুরুতেই এই গানটি যদিও প্রকাশ হওয়ার কথা ছিল— কিন্তু করোনার কারণে সেই গানটি প্রকাশও পিছিয়ে যায়। গানের শিরোনাম ‘মুজিব বাংলাদেশ’। গানটির সুর করেছেন রন্টি দাসেরই স্বামী সাইদ রহমান এবং সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে আজব কারিগর। গানটি প্রসঙ্গে রন্টি দাস বলেন, প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান স্যারের পৃষ্ঠপোষকতায় ‘মুজিব বাংলাদেশ’ গানটি আমি করতে পেরেছি। যেহেতু করোনার কারণে গানটি প্রকাশ করা হয়নি, তবুও আমার ইচ্ছে আছে গানটি মুজিব বর্ষেই অর্থাত্ চলতি বছরেই ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করার। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেই গানটি প্রকাশ করব। আমার বিশ্বাস এই গানটি মুজিব বর্ষের সেরা একটি গান হিসেবেই বিবেচিত হবে। রন্টির একক অ্যালবাম দুটি হচ্ছে ‘আনমনা মন’ ও ‘দর্পণ’।
