দীর্ঘদিন করোনার কারণে নিজ বাড়ি খুলনায় কাটিয়ে কিছুদিন আগে ঢাকায় ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। ঢাকায় ফিরেই গত ১০ সেপ্টেম্বর চ্যানেল আই-তে ‘তারকা কথন’-এ অংশগ্রহণের মধ্যদিয়ে মূলত স্বাভাবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন পপি। আর সেদিনই তিনি ইমপ্রেসে টেলিফিল্মের নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হন। সিনেমার নাম ‘ভালোবাসার প্রজাপতি’। সিনেমাটির গল্প রচনা ও চিত্রনাট্য করেছেন খালিদ মাহবুব তূর্য এবং এটি নির্মাণ করছেন রাজু আলীম ও মাসুমা তানি। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি হাউজে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। এতে পপির বিপরীতে প্রথমবার কাজ করার সুযোগ পেলেন তরুণ নায়ক শিপন মিত্র। পপির বিপরীতে আরো আছেন সিনেমাটিরই নির্মাতা রাজু আলীম। সিনেমায় পপি অভিনয় করছেন পূর্বা চরিত্রে, শিপন অভিনয় করছেন গৌরব চরিত্রে এবং রাজু আলীম অভিনয় করছেন সৌরভ চরিত্রে। জানা যায়, এটি একটি রোমান্টিক গল্পের সিনেমা। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, আমার জন্মদিনের বিশেষ উপহার ছিল এটি। কারণ জন্মদিনে চ্যানেল আই-তে তারকা কথন অনুষ্ঠানের অংশগ্রহণের পরপরই আমি এই সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হই। সিনেমাটির গল্প এবং আমার চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু সিনেমাটি নির্মাণে একজন নারী নির্মাতাও আছেন বিধায় কাজ করতেও একটু বাড়তি সুবিধা পাচ্ছি। আর শিপনের সঙ্গে আমার এটি প্রথম কাজ। শিপন ভালো করছে। আশা করছি তার সঙ্গে এই কাজটিও উপভোগ্য হয়ে ওঠবে।
শিপন বলেন, সিনেমাতে কাজ শুরু করার আগে থেকেই আমি পপি আপার ভীষণ ভক্ত। যখন থেকে সিনেমাতে কাজ শুরু করি তখন থেকেই আমার স্বপ্ন তার সঙ্গে একটি সিনেমাতে হলেও নায়কের ভূমিকায় কাজ করার। কারণ তিনি আমার সবচেয়ে প্রিয় নায়িকা। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং এটা যে আমার জন্য কতো ভালোলাগার তা আসলে ভাষায় প্রকাশযোগ্য নয়। আমি নির্মাতাদ্বয়ের কাছে কৃতজ্ঞ আমাকে এমন একটি সুযোগ দেওয়ার জন্য। মাত্র একদিন শুটিং করেছি, কিন্তু তাতেই পপি আপুর মধ্যে যে মহানুভবতা দেখেছি তাতে মুগ্ধ হয়েছি। অনেক বড় মাপের একজন নায়িকা হয়েও তিনি যে কতো সহজ সরল আর সাধারণ, তা ভাবাই যায় না।
এদিকে শিপন এরই মধ্যে সাইদুল ইসলাম রানার নির্দেশনায় অক্টোবর থেকে ‘বীরত্ব’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এতে তার বিপরীতে আছেন সালওয়া। পপি এরই মধ্যে শেষ করবেন সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। শোভার নির্দেশনায় ‘সেভ লাইফ’ সিনেমার কাজও আবার শুরু হওয়ার কথা রয়েছে।
