বলিউডে বিশ্বসুন্দরীর পদচারণা এখন আর নতুন কোনো ব্যাপার নয়। হিন্দি সিনেমার দর্শক এ পর্যন্ত অনেক বিশ্বসুন্দরীকে রূপালি পর্দায় নায়িকা হিসেবে পেয়েছে। তাদের কেউ অভিনয় জগতে প্রতিষ্ঠা লাভের পাশাপাশি খ্যাতি, জনপ্রিয়তা, অর্থ বিত্ত প্রভাব প্রতিপত্তি লাভ করেছেন একজন গ্ল্যামার তারকা হিসেবে। আবার কেউ মোটেও সাড়া জাগাতে পারেননি, অল্প সময়ের ব্যবধানে হারিয়ে গেছেন। তাদের খবর জানার আগ্রহও নেই কারো। বলিউডে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় শিরোপা জয়ীদের আগমন কিন্তু থেমে নেই। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড শিরোপা জয়ী ভারত সুন্দরী মানুসী চিল্লারের কথা বলা যাক। ঐশ্বরিয়া রাই, সুস্মিতা সেন, যুক্তামুখি, ডায়না হেইডেন, লারা দত্ত, প্রিয়াঙ্কা চোপড়াদের পথ ধরে হারিয়ানা রাজ্যের মেয়ে মানুসীও প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মস জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের জন্মদিনে বেশ ঘটা করে ‘পৃথ্বিরাজ’ ছবিটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। বিগ বাজেটের ঐতিহাসিক পটভূমির এ ছবিতে নাম ভূমিকায় অক্ষয় কুমার অভিনয় করেছেন। ইতিহাসে সাড়া জাগানো রাজপুত রাজা পৃথ্বিরাজের স্ত্রী রাজকুমারি সংযুক্তা চরিত্রে রূপদানের মাধ্যমে রূপালি পর্দায় অভিনেত্রীরূপে অভিষেক হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ মানুসী চিল্লারের। কেন্দ্রীয় চরিত্রে অক্ষয় কুমার অভিনয় করলেও ‘পৃথ্বিরাজ’ ছবিতে রাজকুমারি সংযুক্তা চরিত্রটিও বেশ প্রাধান্য পেয়েছে। চিত্রনাট্যে এ চরিত্রটিকে বেশ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে। সংযুক্তাকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে দেখা যাবে এ ছবিতে। এ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থিত হওয়াটাকে সিরিয়াসভাবে নিয়েছেন ২৩ বছর বয়সী এই বিউটি কুইন। অভিনীত চরিত্রটিকে যথাযথভাবে রূপায়নের জন্য অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন মানুসী। নাচ শিখেছেন আলাদাভাবে। যদিও এর আগে কুঁচিপুড়ি নাচের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বাবা-মা দু’জনেই উচ্চশিক্ষিত এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। দিল্লির সেন্ট টমাস স্কুলে পড়েছেন তিনি। ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছেন সব পরীক্ষায়। বর্তমানে এমবিবিএস পড়ছেন চিকিত্সক হওয়ার লক্ষ্যে। ভালো ছাত্রী হওয়ার পাশাপাশি সুন্দরী হওয়ায় বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করেন। ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ সুন্দরী প্রতিযোগিতায় হারিয়ানা রাজ্যের প্রতিনিধিত্ব করেছিলেন মানুসী একজন প্রতিযোগী হিসেবে। সেখান থেকে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পেয়ে যান ভারত সুন্দরী হিসেবে। ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড তকমা নিয়ে বিশ্বের অনেক দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে তার। অনেক অভিজ্ঞতা অর্জনও করেছেন যে সুবাদে। অনেকগুলো অডিশন পর্ব অতিক্রম করতে হয়েছে মানুসীকে ‘পৃথ্বিরাজ’ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হতে। রাজকুমারি সংযুক্তা চরিত্রে অভিনয় প্রসঙ্গে মানুসী চিল্লার এক সাক্ষাত্কারে বলেন, ‘এ চরিত্রটি রূপায়ন করাটা আমার জন্য বিরাট একটি দায়িত্ব। রাজকুমারি সংযুক্তার শক্তিশালী ব্যক্তিত্ব এবং জীবনের নাটকীয় মুহূর্তগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি বিষয় যদি আমি সঠিকভাবে ফুটিয়ে তুলতে না পারি সেটা হবে আমার চরম ব্যর্থতা। এ কারণে আমাকে বেশ সজাগ থাকতে হচ্ছে।’ বলিউড এখন সেই বিউটি কুইনের রূপালি পর্দায়অভিষেকের অপেক্ষায়।
