কালীগঞ্জে জমির পর্চা জালিয়াতির অভিযোগে বার্নার্ড রোজারিও নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বার্নার্ড উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিপ্রাশৈর গ্রামের মৃত এডমিন রোজারিওর ছেলে। জানা গেছে, বার্নার্ড রোজারিও ভূমিসংক্রান্ত বিবিধ মামলায় নিজের পক্ষে সংশ্লিষ্ট কাগজপত্রের সঙ্গে একটি পর্চা দাখিল করেন। বিষয়টি উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে তল্লাশিতে সেটি জাল প্রমাণিত হয়। পরে ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বার্নার্ড রোজারিওকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জাল পর্চার মাধ্যমে জালিয়াতি করার চেষ্টা করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
