স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ‘বর্তমানে করোনা ভ্যাকসিন নিয়ে অনেক দেশই কাজ করছে। এদের মধ্যে ৯টি কোম্পানি তাদের পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ৯টি কোম্পানির অন্তত পাঁচটির সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এগুলো থেকে সঠিক ভ্যাকসিন, সঠিক সময়ে পেতে চাই আমরা। গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ ২০২০’ উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও উন্নতমানের চিকিত্সা সেবা এবং শিক্ষা সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) মহিবর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নব নিযুক্ত পরিচালক কর্নেল নাজমুল হক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ইউছুফ ফকিরসহ অন্য স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী উন্নত চিকিত্সা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন চিকিত্সা সুবিধাদি বৃদ্ধি করতে ২৩টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ঘোষণা করেন।
