ডিবির সদস্য সেজে সড়ক-মহাসড়কে আন্তঃজেলা ডাকাত দল বেশ সক্রিয় হয়ে উঠেছে। চক্রটি সড়ক-মহাসড়কে প্রাইভেট কার ও মাইক্রো ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অভিনব কায়দায় ডাকাতি, ছিনতাই, নগদ অর্থ হাতিয়ে নেওয়া, প্রতারণা ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কে একাধিক ঘটনা ঘটেছে। এমন অভিযোগে কুমিল্লা ডিবি পুলিশ ঢাকা, সাভার ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি পুলিশ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের পোশাক, নগদ অর্থ, ওয়াকিটকি, হ্যান্ডকাফ (হাতকড়া), প্রাইভেট কারসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
তিনি বলেন, ভুয়া পরিচয়ে একটি চক্র সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় নগদ অর্থ বহনকারীদের অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে উঠিয়ে নেয়। টাকা নিয়ে চোখ-মুখ ও হাত বেঁধে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়। এ চক্রের কেউ গাড়িচালক সাজে, কেউ নিজেকে অফিসার পরিচয় দেয়। এদের কারো হাতে ওয়াকিটকি, আবার কারো কোমরে খেলনা পিস্তল থাকে। শরীরে ডিবি পুলিশের পোশাক। চক্রটি গত তিন মাসে জেলার তিনটি উপজেলা থেকে মোট ২২ লাখ ৫৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এর মধ্যে গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা হতে ডিবি পুলিশ পরিচয়ে তৈয়ব হোসেন নামে এক ব্যক্তির নিকট হতে চক্রটি ৫ লাখ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর আগে গত ১২ আগস্ট আবু হানিফ শামীম নামে এক ব্যক্তি জেলার মুরাদনগরের কোম্পানীগঞ্জ ইসলামী ব্যাংক থেকে ১২ লাখ টাকা উত্তোলন করে ফেরার পথে চক্রটি ঐ ব্যক্তিকে অপহরণ ও মারধর করে টাকা ছিনিয়ে নেয়। পরে হাত-পা ও চোখ বেঁধে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকায় মহাসড়কের পাশে ফেলে দেয়। সর্বশেষ গত সোমবার জেলার দাউদকান্দির গৌরিপুর এলাকা থেকে বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে চক্রটি সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়। গত মঙ্গলবার দিন ও রাতভর ডিবির এলআইসি টিম ঢাকা, সাভার ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে—শেরপুর জেলার শ্রীবরদী থানার ধাতুয়া গ্রামের সুমন মিয়া (৪৫), ভোলার তজুমুদ্দিন থানার শ্যামপুর গ্রামের গাড়িচালক ইউসুফ (৫২), জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপাড়া গ্রামের আপেল (৩৩) ও যশোর সদরের জমজমপুর গ্রামের মনির (৪৫)। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম আরো জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বলেছে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে তারা কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলার সড়ক-মহাসড়কে ছিনতাই, ডাকাতি, অপহরণ ও নানা অপরাধ করত।
