সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০০:৩৮

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি। জব্দ করা হয়েছে অবৈধ তার ও মিটার। গত ৩ মাসে ডিপিডিসি ৮১ লক্ষ টাকা জরিমানা করলেও আদায় হয়েছে ৬৬ লক্ষ টাকা। জানা যায়, ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ বিভাগ কর্তৃক গত তিন মাস ধরে বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার এনওসিএস সিদ্ধিরগঞ্জ দপ্তর কর্তৃক অভিযান চালিয়ে মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহার করায় জরিমানা করা হয়েছে। আমি ডিপিডিসিতে যোগদান করার পর গত জুলাই মাসে অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহারকারী ২২টি প্রতিষ্ঠানকে ১৭ লক্ষ ৮৫ হাজার ১৮৪ টাকা জরিমানা করা হলেও আদায় হয়েছে ১২ লক্ষ ৮৩ হাজার ৪৩২ টাকা। আগস্ট মাসে অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহারকারী ৪৩ প্রতিষ্ঠানকে ৩০ লক্ষ ৮৫ হাজার ৩৭ টাকা জরিমানা করা হলে আদায় হয়েছে ২৫ লক্ষ ২০ হাজার ৩৫০ টাকা এবং সেপ্টেম্বর মাসে অবৈধ ভাবে বিদ্যুত্ ব্যবহারকারী ৪৭ প্রতিষ্ঠানকে ৩২ লক্ষ ৩৩ হাজার ৯৫৪ টাকা জরিমানা করা হলে আদায় হয় ২৮ লক্ষ ২৫ হাজার ৩২৫ টাকা। অবশিষ্ট বকেয়ার টাকা আদায়ের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, অভিযান অব্যাহত থাকবে। সিদ্ধিরগঞ্জ এলাকায় বেশিরভাগ অবৈধ বিদ্যুত্ ব্যবহারকারী শনাক্ত করা হয়েছে।