কালিহাতীতে এক রাতে ১১ বাড়ি যমুনাগর্ভে বিলীন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৩

দীর্ঘমেয়াদী বন্যার পর গত কয়েক দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার  গোহালিয়াবাড়ি ইউনিয়নে ব্যাপকভাবে নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনের তীব্রতায় গত বুধবার (২৩ সেপ্টেম্বর) একরাতে গোহালিয়াবাড়ির গ্রামের ১১টি বাড়ি যমুনায় বিলীন হয়েছে। এখনও ভাঙনের ঝুঁকিতে রয়েছে, একটি মসজিদ, একটি মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয়সহ আরও প্রায় কুড়ি থেকে পঁশিচটি বাড়ি। ভাঙনের কবলে পরা পরিবারগুলো বর্তমানে মানবেতন জীবনযাপন করছেন।

স্থানীয় স্কুলশিক্ষক শামীম আল মামুন  বলেন, নদীভাঙন এই অঞ্চলের মানুষের প্রতি বছরে সঙ্গী। সরকারের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলায় যথেষ্ট নয়। এলাকাবাসী স্থায়ী বাঁধের দাবি জানিয়েছেন।  

এদিকে বৃহস্পতিবার সকালে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা বলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসকের নির্দেশে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি বলেও তিনি মনে করেন।

ইত্তেফাক/এসি