অ্যাকুরিয়াম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৯

স্বচ্ছ স্ফটিক জলবাগানে বাহারি মাছ ঘোরে

সকাল বিকাল ভোরে।

দেখেছো কি অ্যাকুরিয়াম? কাচের পুকুরবাড়ি?

কাচঘেরা ওই বাড়িতে মাছ ঘুরছে সারি সারি।

 

লাল, বেগুনি, হলুদ, সাদা বাহারি সব রঙ

হরেক রকম ঢঙ।

গোল্ড ফিশ তাই নামের মতোই অনেক অনেক দামি

একশো, হাজার, লক্ষ টাকা, দাম শুনে সব ঘামি।

 

মুগ্ধ হয়ে সবাই দ্যাখে এদের চলাফেরা

বিদেশি মাছ এরা।

থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুরে ছিলো ওদের বাস

তাইতো অ্যাকুরিয়াম ভরা বালি, পাথর, ঘাস।

 

অ্যাকুরিয়াম মানে ভেইল, রানচু, রেনবো শার্ক

রঙিন মাছের পার্ক।

ফাইটিং ফিশ, টেট্রা, কমেট, আছে এলিফ্যান্ট নোজ

ব্লু আকারা, রুইকিন আছে, নেবে ওদের খোঁজ?

 

রঙিন জীবন রঙিন মাছের কিন্তু অনেক কষ্ট

যায় না দেখা পষ্ট।

নেই লাফঝাঁপ, বন্দি জীবন, চোখ বুজে যায় ঘুমে

তবুও সাঁতার কেটে বাড়ায় শোভা ড্রইংরুমে।