কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলায় বিবদমান দু’দল গ্রামবাসীর এক পক্ষ হামলা চালিয়ে এক মুক্তিযোদ্ধার বাড়িসহ প্রতিপক্ষের ১২টি বাড়ি ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীরা লুটপাট ও মহিলাদের শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ৩১ ডিসেম্বর দক্ষিণ হিরণ গ্রামে ভলিবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে রফিকুল ইসলাম ফয়জর নামে এক ব্যবসায়ী নিহত হয়। এ ঘটনায় ১ জানুয়ারি নিহত রফিকুল ইসলাম ফয়জরের স্ত্রী মিনা বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলার পর থেকে বাদীপক্ষ বিভিন্ন সময়ে বিবাদী পক্ষের ব্যবসা প্রতিষ্ঠান ও আত্মীয়-স্বজনদের উপর হামলা করে আসছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ফয়জরের আত্মীয়-স্বজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা সাহেবালী শেখ, হাজী সাখাওয়াত হোসেন, হাজী রইচউদ্দিন, পান্নু শেখ, রবিউল শেখ, শরাফত শেখ, জামশেদ শেখ, হায়েদার শেখ, জায়েদ শেখ, বশার শেখ, আতাউর শেখ, সোলায়মান শেখের বসতঘরে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা লুটপাট ও মহিলাদের শ্লীলতাহানি করে। খবর পেয়ে কোটালীপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
মামলার আসামি পান্নু শেখের স্ত্রী রাবেয়া খানম বলেন, জুমার নামাজের পর নাইম, মামুন, হাসান, কামরুল ও সুফিয়ানের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
অপর আসামি আতাউর রহমানের স্ত্রী শেফালী বেগম বলেন, হামলাকারীরা শুধু আমাদের বাড়ি ঘরই ভাঙচুর করেনি। তারা আমাদের টাকা-পয়সা, সোনাদানা নিয়ে গেছে এবং আমাদের গায়ে হাত দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন কালে কোটালীপাড়া থানার এস আই সুজিত দাস বলেন, হামলাকারীরা ১২টি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিয়ে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।
