বগুড়া অফিস
সারিয়াকান্দি উপজেলার জোড়গাছায় বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৫টি ড্রেজার পুড়িয়ে ধ্বংস এবং পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি সংঘবদ্ধ চক্র ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে জোড়গাছা ব্রিজের উজানে ড্রেজার বসিয়ে বাঙ্গালি নদী থেকে প্রতিদিন অবৈধভাবে ২/৩শ’ ট্রাক বালু উঠিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। এভাবে বালু উত্তোলন করায় জোড়গাছা ব্রিজ, সংযোগ সড়ক, বিভিন্ন স্থাপনা, ফসলি জমি ও নদী ভাঙন রোধে প্রতিরক্ষা পিলার হুমকির মুখে পড়ে। এ ব্যাপারে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম ও সারিয়াকান্দির এসিল্যান্ড সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে ১৫/২০ জন পুলিশ ফোর্স এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশগ্রহণ করে।
নির্বহীি ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জানান, ২০১০ সালের ভূমি ও খনিজ সম্পদ রক্ষা অধ্যাদেশ অনুযায়ী এই অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনরত ড্রেজার ধ্বংস করা হয়।
