দক্ষিণ কোরীয় কর্মকর্তাকে ‘হত্যার পর মৃতদেহ পুড়িয়ে ফেলেছে পিয়ংইয়ং’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫

উত্তর কোরিয়া দক্ষিণের এক কর্মকর্তাকে গুলি করে হত্যার পর তার মৃতদেহও পুড়িয়ে ফেলেছে বলে দাবি করেছে সিউল।

সোমবার উত্তরের সীমানা থেকে ১০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ঐ কর্মকর্তা একটি টহল নৌকা থেকে নিখোঁজ হয়ে যান। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রবেশ ঠেকাতে উত্তর কোরিয়া সীমান্তে কঠোর নজরদারির যে নির্দেশ দিয়েছে বলে ধারণা করা হয়, তার কারণেই দেশটির সৈন্যরা দক্ষিণের ঐ কর্মকর্তার ওপর গুলি ছুড়ে ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ৪৭ বছর বয়সি ঐ মত্স্য কর্মকর্তা কী করে উত্তরের জলসীমায় পৌঁছেছিলেন, দক্ষিণের সেনাবাহিনী তার ব্যাখ্যা দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

‘আমাদের সেনাবাহিনী এ ধরনের বর্বরতার কড়া নিন্দা জানাচ্ছে; উত্তর কোরিয়ার কাছে এ ঘটনার ব্যাখ্যা চাইছি এবং দোষীদের শাস্তি দেওয়ারও দাবি জানাচ্ছি,’ বৃহস্পতিবার সংবাদ ব্রিফিংয়ে এমনটাই বলেছেন দক্ষিণের সামরিক বাহিনীর কর্মকর্তা জেনারেল আন ইয়ং-হো।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রবেশ রুখতে উত্তর কোরিয়া তার সৈন্যদের সীমান্তে ‘শুট টু কিলের’ নির্দেশ দিয়েছে বলে চলতি মাসের শুরুতে বলেছিলেন দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কমান্ডার।

তিন বছর আগে পক্ষত্যাগ করে দক্ষিণে চলে যাওয়া এক ব্যক্তি জুলাইয়ে ফের সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করার পর থেকেই ওয়ার্কার্স পার্টিশাসিত দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদেরকে ‘করোনা ভাইরাস মুক্ত’ দেশ দাবি করা উত্তর কোরিয়া সেসময় সীমান্তবর্তী একটি শহর অবরুদ্ধ করে কয়েক হাজার বাসিন্দাকে কোয়ারেন্টাইনেও পাঠিয়েছিল।